মুন্সিগঞ্জে ইয়াবা বিক্রির সময় আড়াইশ পিসসহ গ্রেপ্তার দুইজন
মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টংগীবাড়ী থানার কাইচাইল এলাকার জলিল শেখের বাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টংগীবাড়ী উপজেলার কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন বেপারীর ছেলে মো. ওয়াসিম বেপারী (৩৩) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল এলাকার রমনী ঘোরামীর ছেলে উজ্জল ঘোরামী (২৫)। উজ্জল বর্তমানে টংগীবাড়ীর কুন্ডের বাজার এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা হয়েছিল।









