মুন্সিগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি মোটরসাইকেল
মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে আরও তিনটি চোরাই মোটরসাইকেল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অর্জুন দাসের নেতৃত্বে একটি চৌকস দল তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গত ৭ এপ্রিল তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১০ এপ্রিল অভিযান চালিয়ে আরও দুই সদস্য—পয়েল পারভেজ (৪২), বাড়ৈখালি, শ্রীনগর এবং সুমন মিয়া (৪৫), বোয়ালখালি, কেরানীগঞ্জ—কে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আরও তিনটি নম্বরবিহীন চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে একটি নেভি ব্লু রঙের ১৫০ সিসি Yamaha FZS Version 3.0, একটি কালো রঙের TVS Apache RTR 150 এবং একটি লাল-কালো রঙের Pulsar 150 সিসির মোটরসাইকেল।
এ নিয়ে অভিযানে মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, পূর্বের চোরাই মোটরসাইকেল উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় সিরাজদিখান থানায় দায়েরকৃত মামলায় নতুন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হবে।






