মুন্সিগঞ্জে অটোরিকশার গ্যারেজে ঢুকে হাত-পা বেঁধে ৯৫ ব্যাটারি লুটে জড়িত ৩ জন গ্রেপ্তার
3

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু (উত্তর) থানার দক্ষিণ মেদেনীমণ্ডল মাওয়া পুরাতন ঘাট এলাকার একটি অটো গ্যারেজ থেকে লুট হওয়া ৯৫টি পুরোনো ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাউফলের মো. মাসুদ (৩৩), মুন্সিগঞ্জের সিরাজদিখানের আছলাম শেখ (৩৮) ও টংগিবাড়ীর সজিব ফকির (২৯)।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ মেদেনীমণ্ডলের মাওয়া পুরাতন ঘাট এলাকায় সুরেশ্বর ফারুক নামের একটি অটো গ্যারেজে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি গ্যারেজের দরজার শিকল ও তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা পাহারাদার মাসুমের হাত-পা রশি দিয়ে বেঁধে এবং মুখ গামছা দিয়ে আটকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে মুখোশধারী ব্যক্তিরা গ্যারেজে থাকা ২২টি অটোগাড়ি থেকে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে একটি অজ্ঞাত পিকআপে করে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু (উত্তর) থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়।

পুলিশের ভাষ্য, মামলা তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার তামিম এন্টারপ্রাইজের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাদীর শনাক্ত করা লুট হওয়া ৯৫টি পুরোনো ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে মাসুদ দাবি করেন, তিনি সিরাজদিখানের মালখানগর চৌরাস্তার আছলাম সাইকেল স্টোরের মালিক আছলাম শেখের কাছ থেকে ৬ লাখ ৭৪ হাজার টাকায় ব্যাটারিগুলো কিনেছেন। পরে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে আছলাম শেখকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আছলাম পুলিশকে জানান, টংগিবাড়ীর সজিব ফকির ও তাঁর এক বন্ধু ব্যাটারিগুলো বিক্রির জন্য তাঁর কাছে নিয়ে আসেন। তাঁদের উপস্থিতিতে আছলাম সাইকেল স্টোরের ক্যাশ মেমো ব্যবহার করে ব্যাটারিগুলো মাসুদের কাছে বিক্রি করা হয়।

এরপর রাত ১০টা ৫ মিনিটের দিকে টংগিবাড়ীর দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব ফকিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তার আছলাম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমানের সহযোগিতায় পদ্মা সেতু (উত্তর) থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মিঠুন বৈদ্যসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ