মুন্সিগঞ্জের সেই যুবদল নেতা জাহাঙ্গীরের পাশে নেতাকর্মীরা, ঘর মেরামতে সহায়তা
মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
২০২২ সালের ২১শে সেপ্টেম্বর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনজীবনের দুর্দশার প্রতিবাদে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুরে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা শাওন, একইসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরেক যুবদল নেতা মো. জাহাঙ্গীর।
দীর্ঘ চিকিৎসার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও শারীরিক ও আর্থিক কষ্টে এখনও সংগ্রাম করে যাচ্ছেন তিনি। তাঁর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল হাসান তুষার এবং শহর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সুমনের তত্ত্বাবধানে জাহাঙ্গীরের ঘর মেরামতের জন্য দেওয়া হয়েছে নগদ ৫০ হাজার টাকা।
জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের তত্ত্বাবধানে চলছে জাহাঙ্গীরের চিকিৎসা ও পুনর্বাসনের প্রচেষ্টা।
তবে বিগত সময়ের মামলা-হামলার কারণে সর্বস্ব হারিয়ে আজ ভাঙাচোরা ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ সদর যুবদলের আহবায়ক এডভোকেট নূর হোসেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজ পাঠান, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মনির, সালেহিন হাসান, স্বেচ্ছাসেবক দলের নুরে আলম তালুকদার, শাহিন মাদবর, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ সাইদুর রহমান সাইদ, সাংবাদিক শেখ মো. রতনসহ বহু নেতাকর্মী।


