২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:০৪
মুন্সিগঞ্জের সবচেয়ে প্রত্যাশিত আসনে প্রার্থী ঘোষণা করলো না বিএনপি
খবরটি শেয়ার করুন:
365

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা সদর নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ ও প্রধান আসনেই প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। জেলার অন্য দুইটি আসনের চেয়ে এই আসনটিতে প্রার্থী ঘোষণা সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিলো দলীয় নেতাকর্মী ও অন্যান্য ভোটারদের কাছে।

কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে ‘মুন্সিগঞ্জ ৩ পরে ঘোষণা করা হবে’ শোনার পর থেকেই হতাশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানারকম মন্তব্য করছেন বিএনপির সমর্থক ও সাধারণ ভোটাররা।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটি নিজেদের হাতছাড়া করবে না বিএনপি। শেষ পর্যন্ত এখানে প্রার্থী ঘোষণা করবে তারা।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন তিনি।

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

সোমবার প্রার্থী ঘোষণা পর এই দুই পক্ষের নেতাকর্মীরাই হতাশ হয়েছেন। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানারকম মন্তব্য করেছেন। এর বাইরে বিভিন্ন পেশায় জড়িত সাধারণ মানুষ বিএনপির এই সিদ্ধান্তের বিপরীতে ফেসবুকে তাদের মন্তব্য জানিয়েছেন।

স্কুলশিক্ষক ও সাংবাদিক তানজিল হাসান তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘গত আওয়ামী লীগ আমলে মুন্সিগঞ্জে বিএনপির অন্যতম সক্রিয় নেতাকে ঝুলিয়ে রাখলো! আর যারা অবসর নিয়েটিয়ে নিরাপদে বসেছিলো তাদের লাইমলাইটে নিয়ে আসলো!’

সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার লিখেছেন, ‘তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত, রুখে দাড়াও ষড়যন্ত্র। আমরা মুন্সিগঞ্জ-৩ আসনে জনাব মো. মহিউদ্দিন ভাইকে চাই। এটাই জনতার মত, আমাদের মত, ধানের শীষের বিজয়ের একমাত্র পথ।’

জেলা ছাত্রদল নেতা আবু মুহাম্মদ রুইয়াম তার ফেসবুকে লিখেছেন, ‘যে ই মনোনয়ন পাক, আমার নেতা রতন ভাই। তবে ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ কাজ করবো, মনোনয়ন যে ই পাক। ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

দলীয় সূত্রে জানা গেছে, জোটের সমীকরণ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সাথে জোটবন্ধ হয়ে কাজ করা, ইসলামিক দলগুলোকে ছাড় দেয়া, নির্বাচন প্রতিদ্বন্দীতামূলক দেখাতে স্বতন্ত্র প্রার্থীতা উন্মুক্ত করা এরকম নানা জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যে শেষ পর্যন্ত আটকে দেয়া হয়েছে মুন্সিগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন। অন্যদিকে, যে দুইটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখান থেকেও শেষ পর্যন্ত প্রার্থী প্রত্যাহার হতে পারে। এসব কিছুই স্পষ্ট হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর।

এদিকে সন্ধ্যায় প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।