মুন্সিগঞ্জের শ্রীনগরে মধ্য রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি দোকান
মুন্সিগঞ্জ, ৬ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসের সামনে মধ্যরাতে কাঠ ও টিনের তৈরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দলিল লেখক, মুদি, ফটোকপি, খাবার হোটেলসহ ১৯টি দোকান। ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ২০ লাখ টাকার।
শনিবার দিবাগত মধ্যরাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপণ হয় রাত ৪টায়।
আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা। তিনি বলেন, আগুন আশপাশে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিলো। কিন্তু আমাদের চেষ্টায় সেটি রোধ করা গেছে।


