মুন্সিগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ সৈকত আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার: র্যাব
মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কুখ্যাত লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ সৈকতকে (৩০) দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সৈকত গজারিয়ার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার নামে হত্যা, ডাকাতিসহ ২৩টি মামলা রয়েছে। সে কুখ্যাত লালু বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে পরিচিত।
গত ২৬ নভেম্বর রাতে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ছাড়া গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা, মান্নান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল সৈকত। সে ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং ঘটনার পর পলাতক ছিল।
দুর্ধর্ষ এ সন্ত্রাসীকে ধরতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। র্যাব-১১-এর সিপিএসসি (নারায়ণগঞ্জ) ইউনিটের একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৮ ডিসেম্বর রাত ৬টার দিকে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুসারে হোগলাকান্দিস্থ তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈকতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


