মুন্সিগঞ্জের গ্যাস আপডেট: নোটিশ ছাড়াই বন্ধ, কখন স্বাভাবিক হবে জানালো কতৃপক্ষ
মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকাল থেকে আজ রোববার (২৩ নভেম্বর) পর্যন্ত মুন্সিগঞ্জ শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে আবাসিক লাইনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
বিষয়টি নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য পাওয়া গেলেও গ্যাস বন্ধের বিষয়ে কোন পূর্ব নোটিশ না থাকায় কারও কাছে সুস্পষ্ট তথ্য ছিলো না।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছে আমার বিক্রমপুর।
জানতে চাইলে মুন্সিগঞ্জ তিতাস গ্যাস কতৃপক্ষের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম আজ সকাল সাড়ে ৯টার দিকে বলেন, গতকাল বিকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় গ্যাস লাইনে একটি লিকেজ হয়। যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই পূর্বে কোন নোটিশ দেয়া সম্ভব হয়নি। আমাদের লোকজন পাইপ মেরামতের কাজ করছেন। চেষ্টা করছি যাতে আজ রাতের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। যদি সম্ভব না হয় তাহলে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে।


