১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:৩৯
মুন্সিগঞ্জের কাউছার খান হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:
293

মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কাউছার খান (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি আক্কাছ শেখকে (৪৫) রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

বাল্কহেড নিয়ে ব্রিজে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছিল।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে র‍্যাব-১০ এর পক্ষ থেকে মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, জেলার সিরাজদিখান থানাধীন বাসাইল এলাকায় আসামি আক্কাছ শেখসহ অন্যান্য আসামিরা বালুভর্তি বাল্কহেড নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজে ধাক্কা লাগে। এতে ব্রিজটির ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনা দেখে ভিকটিম সাইউল ইসলাম আসামিদের বাল্কহেড নিয়ে যেতে নিষেধ করেন।

এই নিষেধের জের ধরেই আসামিরা পূর্বপরিকল্পিতভাবে গত ৬ আগস্ট ২০২৫ তারিখে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসাইল খন্দকার মসজিদের সামনে সাইউল ইসলাম, তাঁর ছেলে কাউছার খান (২০) এবং মামাতো ভাই অহিদুলকে (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলাকারীরা দেশীয় ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে কাউছার খান ও অন্যদের রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কাউছার খান ও তাঁর মামাতো ভাই অহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে কাউছার খান (২০) মারা যান। অর্থাৎ, হামলার ঘটনার প্রায় ১৯ দিন পর তাঁর মৃত্যু ঘটে।

এই ঘটনায় নিহত কাউছার খানের বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১০ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে। আজ বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি আক্কাস শেখকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজদিখানের উত্তর রাঙ্গামালিয়ার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।