মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে আটকা যাত্রী, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঈদে ঘরমুখো যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় পাঠানো হয় হাসপাতালে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কামারখোলা ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তর আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দেয় রাইদা পরিবহনের বাস। এতে গোল্ডেন লাইন পরিবহনের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।





