মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেছে নারীর
মুন্সিগঞ্জ, ২৪ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেছে এক নারীর।
আজ শনিবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ জানান, মোটরসাইকেলে করে এক দম্পতি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুইজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাকিলা আক্তার (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গুরুতর আহত স্বামী শাকিব গাজী (৪২) চিকিৎসাধীন রয়েছেন।


