৮ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত: মুন্সিগঞ্জ শহরে মাসব্যাপী ভূমিকম্প নিরাপত্তা অভিযান শুরু
মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
সাম্প্রতিক দুই দফা ভূমিকম্পের পর জননিরাপত্তা নিশ্চিত করতে মুন্সিগঞ্জ পৌরসভা মাসব্যাপী ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে বিশেষ পরিদর্শন কার্যক্রম শুরু করেছে।
আজ রোববার (২৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথম দিনেই আটটি পরিদর্শিত ভবনের বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ অনুযায়ী নির্মাণ মানদণ্ড ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভার প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে খালইস্ট, মালপাড়া ও মানিকপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পরিদর্শিত আটটি ভবনের মধ্যে সাতটি ছিল নির্মাণাধীন এবং একটি ছিল খালি অবস্থায়।
পরিদর্শন টিমের নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ। টিমে উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার এবং শিক্ষাবিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের পরিদর্শনেই দল দেখতে পায় যে, পরিদর্শিত আটটি ভবনের প্রায় কোনোটিই ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ অনুযায়ী ভূমিকম্প সহনীয় নির্মাণ মানদণ্ড অনুসরণ করছে না।
চিহ্নিত হওয়া উল্লেখযোগ্য অনিয়মগুলো হলো:
সাতটি নির্মাণাধীন ভবনের প্রায় কোনোটিতেই যথাযথ Setback বা নির্মাণ রেখা রাখা হয়নি, অধিকাংশ ভবনের প্রবেশ সড়ক মাত্র ৮ ফুট প্রশস্ত। কিছু এলাকায় ১২ ফুট থাকলেও তা ভবনের আকারের তুলনায় পর্যাপ্ত নয়। বেইসমেন্ট ও পাইলিং ত্রুটি: মাটির গুণাগুণ অনুযায়ী বেইসমেন্ট ও পাইলিং স্ট্যান্ডার্ড সঠিকভাবে অনুসরণ করা হয়নি। নিরাপদ ফাঁকা স্থানের অভাব: ভবনের চারপাশে প্রয়োজনীয় Offset Area (পার্শ্ববর্তী নিরাপদ ফাঁকা স্থান) বজায় রাখা হয়নি।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত বাড়তে থাকা বহুতল ভবন নির্মাণের প্রেক্ষাপটে অনেকেই নিয়ম মেনে নকশা অনুমোদন না নিয়ে নির্মাণকাজ করছেন। এতে ভবনের স্থায়িত্ব মারাত্মকভাবে কমছে এবং ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে প্রাণহানির ঝুঁকি বহুগুণে বাড়ছে।
পৌর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এই বিশেষ পরিদর্শন কার্যক্রম আগামী এক মাস ধরে চলবে।
পরিদর্শনের পর অনুমোদনহীন বা ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


