বিদেশ থেকে মেশিন এনে ঘরে বসে ইয়াবা বানাতেন মুন্সিগঞ্জের ফিরোজ, ৮০০ পিসসহ ধরা
মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বসতবাড়ির ভেতরে গড়ে তোলা একটি গোপন ইয়াবা কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির আধুনিক মেশিন, বিপুল পরিমাণ কেমিক্যাল ও মাদকসহ ফিরোজ (৩৭) নামে এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার ১০টার দিকে এই চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। সে গত ৫ বছর ধরে টংগিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে তার খালু রশীদ ঢালীর বাসায় ভাড়া থেকে এই মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রায় ৬-৭ মাস আগে সে হংকং পাড়ি জমায় এবং সেখান থেকে ইয়াবা তৈরির আধুনিক মেশিন নিয়ে দেশে ফেরে। এরপর ওই বাড়ির একটি পাকা ভবনের ভেতরে গোপনে ইয়াবা উৎপাদন শুরু করে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে ইয়াবা তৈরির কেমিক্যাল আনিয়ে সে উৎপাদিত মাদক দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।
অভিযানকালে পুলিশ তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরির মেশিন এবং প্রচুর পরিমাণ রাসায়নিক সরঞ্জাম উদ্ধার করে।
টংগিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, ফিরোজ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে হংকং থেকে যন্ত্রাংশ ও কেমিক্যাল এনে সবেমাত্র উৎপাদন ও বিক্রির চেষ্টা করছিল। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


