বিদেশি শটগানসহ কিবরিয়া মিয়াজী ডাকাত দলের ৫ সদস্য চাঁদপুরে আটক
মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি শটগান, একটি দ্রুতগতির স্পিড বোট ও বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়।
ভিডিওতে দেখুন:
দীর্ঘদিন ধরে এই গ্রুপটি অভ্যন্তরীণ নৌ-রুটে চলাচলকারী নৌযানগুলোতে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপকর্ম করে আসছিল।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক একই দিন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা সূত্রে কোস্ট গার্ড তথ্য পায় যে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ মোহনপুর এলাকায় সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে বাল্কহেডে ডাকাতির সময় হাতেনাতে কিবরিয়া মিয়াজীর ৫ জন সদস্যকে আটক করা হয়।
আটক ডাকাত সদস্যদের কাছ থেকে ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকিটকি, ৬টি মোবাইল এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়ে। এছাড়া তাদের ব্যবহৃত ১টি স্পিড বোটও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ নৌপথকে সম্পূর্ণ নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


