বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতির দায়ে মুন্সিগঞ্জে দুই ইটভাটা ও পেপার মিলকে ৫ লাখ টাকা জরিমানা
৫৩

মুন্সিগঞ্জ, ২৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতির দায়ে দুটি ইটভাটা ও একটি পেপার মিলকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার উপজেলার ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বড় ভাটেরচরের মেসার্স কুতুবিয়া ব্রিকস, মধ্য ভাটেরচরের এন.এন.এম ব্রিক ফিল্ড এবং বালুয়াকান্দির আর এস পেপার মিল। এর মধ্যে দুটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা এবং পেপার মিলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে গজারিয়া থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারায় দুটি ইটভাটাকে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় পেপার মিলটিকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পাশাপাশি পেপার মিলটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলায় অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ