বাবা রাজনীতিবিদ, নিজে ডাক্তার, ডেঙ্গু রোধে নিজেই হাতে তুলে নিলেন ‘স্প্রেয়ার মেশিন’
মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে যখন সাধারণ মানুষ আতঙ্কিত, তখন ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন মুন্সিগঞ্জের একজন চিকিৎসক। রোগী দেখার পাশাপাশি এবার নিজেই হাতে তুলে নিয়েছেন মশকনিধনের স্প্রেয়ার মেশিন। শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও জনবসতিপূর্ণ এলাকায় কীটনাশক ছিটিয়ে ডেঙ্গুবাহী এডিস মশা দমনে কাজ করছেন তিনি।
এই চিকিৎসকের নাম ডা. সায়ের আহমেদ। মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম-রিকাবীবাজার এলাকার পরিচিত একজন ডেন্টিস্ট তিনি। এছাড়া মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার একটি প্রসিদ্ধ পরিবারের সন্তান। তাঁর বাবা শাহাদাত হোসেন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
গত কয়েক দিন ধরে ডা. সায়ের আহমেদকে মুন্সিগঞ্জ শহরের মালপাড়া, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকা, শ্রীপল্লীসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে স্প্রেয়ার মেশিন কাঁধে নিয়ে কীটনাশক ছিটাতে দেখা গেছে। কোথাও নর্দমার পাশ, কোথাও ঝোপঝাড়, আবার কোথাও আবাসিক এলাকার গলিতে তিনি নিজেই স্প্রে করছেন। তাঁর সঙ্গে স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবীও অংশ নিচ্ছেন।
ডা. সায়ের আহমেদ বলেন, ডেঙ্গু এখন শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্বও। একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত মানুষের কষ্ট দেখছি। তাই মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেও মাঠে নেমেছি। যতটুকু সম্ভব, নিজের সামর্থ্য দিয়ে মশার প্রজননস্থলগুলোতে কীটনাশক ছিটানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, শুধু স্প্রে করলেই হবে না। বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেটিও নিশ্চিত করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
স্থানীয় বাসিন্দারা তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের ভাষ্য, একজন চিকিৎসক হয়েও ব্যক্তিগত উদ্যোগে এভাবে মাঠে নেমে কাজ করা অন্যদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ। অনেকেই মনে করছেন, সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিরাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে ডেঙ্গু প্রতিরোধ আরও কার্যকর হবে।
সম্প্রতি মুন্সিগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে ডা. সায়ের আহমেদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে।









