বাফুফের নারী ফুটবল লিগ মাতাচ্ছেন মুন্সিগঞ্জ এভিজেএম’র মেয়ে আফরিন
মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
দেশের নারী ফুটবলের সর্বোচ্চ আসর ‘বাফুফে নারী ফুটবল লিগ’ শুরু হয়েছে। ১১টি ক্লাবের অংশগ্রহণে গত ২৯ ডিসেম্বর থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়িয়েছে মাঠের লড়াই।
এবারের লিগে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে রক্ষণভাগ সামলাচ্ছেন মুন্সিগঞ্জের উদীয়মান ফুটবলার আফরিন আক্তার (১৭)। সে মুন্সিগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের (এভিজেএম) ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থী।
এবারের লিগের একমাত্র ভেন্যু কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। একই দিনে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি লড়ছে বিকেএসপির বিপক্ষে।
এই শক্তিশালী নাসরিন একাডেমির রক্ষণভাগের (ডিফেন্স) অতন্দ্র প্রহরী হিসেবে খেলছে মুন্সিগঞ্জের মেয়ে আফরিন।
একজন নারী ফুটবলার হিসেবে এগিয়ে যাওয়ার পথটা তার জন্য খুব একটা সহজ ছিল না। সামাজিক ও পারিপার্শ্বিক নানা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ পাড়ি দিয়ে একদিকে পড়াশোনা, অন্যদিকে ফুটবল-দুটোকেই সমানতালে সামলাচ্ছে আফরিন।
ফুটবলের প্রতি ছোটবেলা থেকেই আফরিনের অগাধ ভালোবাসা। সেই ভালোবাসার টানেই নিজেকে প্রতিনিয়ত তৈরি করছে সে। তার এই পরিশ্রম ও মেধার স্বাক্ষর সে রাখছে ঘরোয়া লিগে।
তবে তার স্বপ্ন এখানেই সীমাবদ্ধ নয়; আফরিন আক্তার ভবিষ্যতে দেশের জার্সি গায়ে দিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে মুন্সিগঞ্জ ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান।


