১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:৩৪
ফরিদপুরের ‘ভুবনেশ্বর নদ’ পরিচ্ছন্নতায় অংশ নিলো মুন্সিগঞ্জের বিডি ক্লিন টিম
খবরটি শেয়ার করুন:
132

মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ঐতিহ্যবাহী ভুবনেশ্বর নদকে দূষণমুক্ত ও জীবন্ত করতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় বিডি ক্লিনের সদস্যরা।

“এসো, ভুবনেশ্বর নদ বাঁচাই” এই আহবানে সাড়া দিয়ে আজ শুক্রবার দিনব্যাপী চলে এ কার্যক্রম।

নদীটিকে পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের পাশাপাশি কাজ করে বিডি ক্লিনের ১ হাজার দুইশোর অধিক সদস্য। এতে মুন্সিগঞ্জ জেলা থেকে অংশ নেয় ৫০ জনের বেশি স্বেচ্ছাসেবক। তারা নদীর পাড়, খাল ও আশপাশ এলাকা পরিষ্কার করে, বর্জ্য অপসারণ করে এবং সাধারণ মানুষকে সচেতন করে।

সকালের প্রথম প্রহরে শপথ পাঠের মাধ্যমে শুরু হয় এই সচেতনতা অভিযান। ছোট-বড়, নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রবীণরাও হাতে নেয় ঝাড়ু, গ্লাভস, বস্তা।

শুধু নদী নয়, নিজেদের মন ও মানসিকতাও পরিচ্ছন্ন করার প্রতিজ্ঞায় একত্র হয় পুরো চরভদ্রাসন।

বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসান জানান, আমরা শুধু মুন্সিগঞ্জে সীমাবদ্ধ নই, দেশের যেকোনো প্রান্তে পরিচ্ছন্নতার ডাক পেলেই পৌঁছে যাই। আমাদের বিশ্বাস একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে, এবং সেটি হবে বিডি ক্লিনের হাত ধরেই। পরিচ্ছন্নতা শুধু আশপাশ নয়, মানসিকতারও পরিবর্তন আনতে হবে।

দিনভর অভিযানের পর সন্ধ্যায় নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বিডি ক্লিন মুন্সিগঞ্জ টিম।