মুন্সিগঞ্জের স্টেশনগুলোতে আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া ভাঙ্গা কমিউটার ট্রেন চালু ও নিমতলা, শ্রীনগর ও মাওয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবিতে রেল উপদেষ্টাসহ স্বরাষ্ট্র, শিল্প উপদেষ্টা ও সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত আবেদন পাঠানোর উদ্দেশ্যে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় অবস্থিত শ্রীনগর রেলস্টেশনের সামনে শ্রীনগর কল্যাণ সমিতির আহবানে র্কমসূচীতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় দেড় শতাধিক নাগরিক এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনকারীরা বলেন, শ্রীনগরের মানুষ ট্রেন লাইন ও এক্সপ্রেসওয়ের জন্য তাদের পৈত্রিক ভিটা, বাড়ি-ঘর, জমিজমা ও দোকানপাট ছেড়ে দিয়েছে। কিন্তু এখন এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সরকারে মুন্সিগঞ্জের ২ জন উপদেষ্টা রয়েছেন। তারা উদ্যোগ নিলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা বলেন, গণস্বাক্ষর কর্মসূচি কেন করতে হবে? এটা করার আগেই রেল ষ্টেশনের সুবিধা পাওয়ার কথা ছিল। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে তার দল এ বিষয়ে অবশ্যই কাজ করবে।
এসময় দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে স্বাক্ষর করেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান প্রমুখ।
আরও অংশ নেন, শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন, সিজুয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আবদুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার জয়নাল আবেদিন, শিক্ষানুরাগী শাহে আলম, আ. লতিফ মিয়া, শ্রীনগর আন্তঃনগর ট্রেন স্টপেজ বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. জাহাঙ্গীর খান, সদস্য ঢালী মো. দেলোয়ার হোসেন, মো. ইউসুফ আলী খান, মো. শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।









