১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:৩৪
প্রয়াত সাংবাদিক জুয়েল স্মরণে কাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবে শোকসভা
খবরটি শেয়ার করুন:
139

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েলের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজ উপস্থিত থাকবেন।

সভায় মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের ভাই। তার মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলার সাংবাদিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। গত ১২ জানুয়ারি বাদ জোহর টংগিবাড়ী উপজেলার বাহেরপাড়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি এক বার্তায় সংশ্লিষ্ট সকলকে আগামীকালকের শোকসভা ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।