২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:০১
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
খবরটি শেয়ার করুন:
206

মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে সফররত অবস্থায় শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। একই দিনে পূর্বে এক বিবৃতিতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে মত দেন জামায়াত আমির।

জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যাওয়ার পর তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজিত একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় ছায়ানটসহ অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রও লক্ষ্যবস্তু হয়।

যুক্তরাজ্য থেকে দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, দেশের প্রতি তার মন সবসময় পড়ে থাকে এবং নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন তিনি।

ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, ধৈর্য ধরে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। কোনো ষড়যন্ত্রকারী যাতে আন্দোলনকে কলুষিত করতে না পারে, সে জন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলা ও অপপ্রচারকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান জামায়াত আমির। স্বাধীন গণমাধ্যমের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ফ্যাসিবাদী শাসনামলের মতো গণমাধ্যমের ওপর হামলার সংস্কৃতিতে ফিরে যাওয়া কাম্য নয়। পাশাপাশি গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল সাংবাদিকতা এবং ঘৃণামূলক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

হাইকমিশনসহ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন শফিকুর রহমান। ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্ম অবমাননা গর্হিত অপরাধ এবং এর বিচার আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে। তবে এ ঘটনায় ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। মূলধারার ইসলামপন্থী দলগুলো আইন নিজেদের হাতে তুলে নেওয়ার পক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা পরিকল্পিত স্যাবোটাজ হতে পারে।

দেশে চলমান অস্থিরতাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

এর আগে দেওয়া বিবৃতিতে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে তার ওপর হামলার নিন্দা জানান তিনি। ওসমান হাদির মৃত্যুর পর ক্ষোভকে পুঁজি করে স্বার্থান্বেষী মহলের অপতৎপরতাকে আন্দোলনকে বিপথে নেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেন শফিকুর রহমান।