পদ্মা সেতুর পিলারে বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা, ওবায়দুল কাদেরের প্রশ্ন
মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর পিলারে বারবার কেন ফেরির ধাক্কা লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বিষয়টিকে তুচ্ছ কোনো ঘটনা বা নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে বলে মন্তব্য করেছেন।
আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মাসেতু পরিদর্শনে গিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে তিনি এসব কথা বলেছেন।
ওবায়দুল কাদের বলেছেন, এখানে কোন ষড়যন্ত্র আছে কি না, অন্তর্ঘাত আছে কি না তদন্ত করে দেখতে হবে।
মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশে বিদেশ থেকেও লেগে আছে। সর্ষের মধ্যে ভূত আছে কি না তা খতিয়ে দেখতে হবে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারবার পদ্মাসেতুতে আঘাত লাগছে, এর জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সভা হবে।’
তিনি আরও বলেন, ‘পদ্মাসেতু আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ পর্যন্ত মূল সেতুর বাস্তব অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক ১৮ শতাংশ। সেতুর সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ শতাংশ। আগামী বছর জুনের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে সেতু।’
এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আসিকুজ্জামান প্রমুখ।


