নিরাপত্তা নিয়ে শঙ্কিত মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী, গানম্যান চেয়ে আবেদন
মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. কামরুজ্জামান রতন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে সরকারি ‘গানম্যান’ চেয়ে আবেদন করেছেন।
গত বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসনের কাছে এই লিখিত আবেদন জমা দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ে কামরুজ্জামান রতন বলেন, “রাষ্ট্রের সার্বিক যে অবস্থা, সেখানে আমি নিজেকে অনিরাপদ মনে করছি। সেই শঙ্কা থেকেই আমি নিরাপত্তা চেয়ে আবেদন করেছি। আমি আশা করি, বিষয়টি বিবেচনা করে আমাকে গানম্যান দেওয়া হবে।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, “প্রার্থীর পক্ষ থেকে আমরা একটি আবেদন পেয়েছি। তবে গানম্যান বরাদ্দ দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই। তাই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, নির্বাচনের পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনার মধ্যে কামরুজ্জামান রতনের এই আবেদন স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি করেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।


