দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দিলো নব জোয়ার সংঘ
মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে নব জোয়ার সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে দুই শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
আয়োজকেরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিক সমস্যায় চিকিৎসাবঞ্চিত মানুষের জন্যই এই উদ্যোগ। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, সাধারণ রোগ নির্ণয়সহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।
দিনব্যাপী এই সেবায় চিকিৎসা দেন বিক্রমপুর ভুঁইয়া মেডিকেল কলেজের কনসালটেন্ট ও দক্ষিণ ইসলামপুরের কৃতি সন্তান ডা. ফয়সাল ইসলাম।
কর্মসূচির উদ্বোধন করেন, নব জোয়ার সংঘের সভাপতি হাজী নওয়াব আলী। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মোশাররফ হোসেন, রায়হান আহমেদ, মো. আবুল হাশেম বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
নব জোয়ার সংঘ জানায়, তাদের লক্ষ্য হলো-অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং নিয়মিতভাবে জনস্বার্থে এ ধরনের সামাজিক উদ্যোগ চালিয়ে যাওয়া।


