ছড়িয়ে পড়েছে অবৈধ সিরাপ ‘স্কাফ’, মুন্সিগঞ্জে প্রাইভেটকারে পাওয়া গেল ২৮১ বোতল
মুন্সিগঞ্জ, ২২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত কফ সিরাপভিত্তিক মাদক ‘স্কাফ’-এর বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই মুন্সিগঞ্জে পদ্মা সেতুর উত্তর প্রান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র্যাব-১০।
এ সময় প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ওই মাদক বহনের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও।
র্যাব-১০ জানায়, বুধবার (২২ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পদ্মা সেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় যাওয়ার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।
র্যাবের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ আরও জানায়, উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে স্কাফ সিরাপের অপব্যবহার বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন মহাসড়ক ও পদ্মা সেতু করিডোর ব্যবহার করে এই মাদক পরিবহনের চেষ্টা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









