১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:২১
দুই মাস একসাথে থাকার পর জানা গেল প্রেমিক বিবাহিত, যুবক মুন্সিগঞ্জের
খবরটি শেয়ার করুন:
487

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ফেসবুকে শুরু হওয়া প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে প্রতারণায়। বিয়ের প্রলোভনে দুই মাস একসঙ্গে থাকার পর প্রেমিক যে বিবাহিত-এ তথ্য সামনে আসতেই থানায় লিখিত অভিযোগ করেছেন পাবনার চাটমোহর উপজেলার সাইকুলা গ্রামের এক তরুণী।

অভিযোগে তিনি জানান, প্রায় তিন বছর আগে ফেসবুকে পরিচয় হয় গজারিয়ার মধ্য বাউশিয়া এলাকার বাসিন্দা মো. আজিজুল হকের (৩২) সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমের আলাপ ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং তৈরি হয় প্রেমের সম্পর্ক। পরবর্তী সময়ে বিয়ের আশ্বাস দিয়ে আজিজুল তরুণীকে ঢাকা থেকে গজারিয়ার একটি ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে তারা প্রায় দুই মাস একসঙ্গে থাকেন।

তরুণীর দাবি, সম্পর্কের এই সময়টিতে আজিজুল তাকে বারবার আশ্বস্ত করেন যে খুব শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে ধীরে ধীরে তিনি নানান অজুহাতে বিয়ের তারিখ পিছিয়ে দিতে থাকেন। একপর্যায়ে যোগাযোগ এড়িয়ে চলা এবং ফোন বন্ধ রাখা শুরু করেন। এরপর প্রতিবেশী ও পরিচিতদের মাধ্যমে তরুণী জানতে পারেন, আজিজুল ইতোমধ্যেই বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।

সত্য জানার পর নিজেকে প্রতারিত মনে করে তিনি গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন। তদন্তের অগ্রগতি পরে জানানো হবে।”