দুই কিডনি নষ্ট, থেমে গেছে পড়াশোনা; এখন শুধু বেঁচে থাকতে চায় হরগঙ্গার শিক্ষার্থী আখি
মুন্সিগঞ্জ, ২২ জুলাই ২০২৬, মো. ইয়াছিন ঢালী (আমার বিক্রমপুর)
স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু হঠাৎ অসুস্থতা কেড়ে নিয়েছে সেই স্বপ্নের পথচলা। এক বছর ধরে বন্ধ পড়াশোনা। দুই কিডনি নষ্ট হয়ে বর্তমানে চিকিৎসাধীন সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী আখি আক্তার (২৬)।
মুন্সিগঞ্জ শহরের ভিটি শিলমন্দি এলাকার বাসিন্দা আখি আক্তার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে প্রায় ১০ মাস ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আখি। এরপর তার দুই কিডনিই নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। চিকিৎসার(কিডনি ট্রান্সপ্লান্ট) এর জন্য প্রয়োজন প্রায় ১৭ লাখ টাকা।
আখির মা ফেন্সি আক্তার জানান, মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিনের চিকিৎসায় সঞ্চয় ও সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে। এখন মেয়েকে বাঁচাতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও সেই খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
অসুস্থতার কারণে এক বছর ধরে বন্ধ রয়েছে আখির পড়াশোনা। সরকারি হরগঙ্গা কলেজের এই শিক্ষার্থী আবারও বই হাতে ফিরতে চান, ফিরতে চান স্বাভাবিক জীবনে। কিন্তু দুই কিডনির জটিলতায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের সহযোগিতা কামনা করেছে আখির পরিবার।
যোগাযোগের নাম্বার- 01409-559008









