দিঘিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান হতে চান মোহাম্মদ হোসেন লিখন খান
মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন মোহাম্মদ হোসেন লিখন খান। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তাকে নিয়ে আলোচনা করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন মোহাম্মদ হোসেন লিখন খান। তিনি দিঘিরপাড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি টংগিবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার রাজনৈতিক সহকর্মীদের ভাষ্য, প্রায় ১৭ বছর ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয়। এ সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলা ও হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে বলে দাবি করেন তারা। রাজনৈতিক কারণে দীর্ঘ সময় বাড়িছাড়া থাকার কথাও জানান তার ঘনিষ্ঠজনরা।
লিখন খানের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে। এছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও তাকে একটি মামলায় আসামি করা হয়েছিল বলে অভিযোগ করেন তার অনুসারীরা।
রাজনীতির পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবি তার সমর্থকদের। তাদের ভাষ্য, বিভিন্ন সময় এলাকার মানুষের ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজনে তিনি সহযোগিতা করেছেন।
লিখন খানের সমর্থকেরা আরও দাবি করেন, তার বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদায়, অন্যের সম্পত্তি দখল কিংবা কাটিং ড্রেজারের মাধ্যমে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ নেই।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দিঘীরপাড় ইউনিয়নে লিখন খানের একটি পরিচিতি তৈরি হয়েছে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে নিজের অবস্থান জানান দিতে মাঠে সক্রিয় রয়েছেন মোহাম্মদ হোসেন লিখন খান। দলীয় সিদ্ধান্ত, স্থানীয় নেতাকর্মীদের সমর্থন এবং ভোটারদের গ্রহণযোগ্যতার ওপর তার প্রার্থিতার চূড়ান্ত অবস্থান নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







