তারেক রহমান দেশে আসছেন, আস্থা রাখুন: কামরুজ্জামান রতন
মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৫, আজিজুল হক পার্থ, গজারিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বলেছেন- ‘তারেক রহমান দেশে আসছেন, আস্থা রাখুন।’
আজ শুক্রবার বিকেল ৪টায় গজারিয়া ইউনিয়নের কাজীপুরা মাদ্রাসা-সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুদ, মোজাম্মেল হক মুন্না, মাজেদ মেম্বারসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন অশ্রুসিক্ত নয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “রাজনীতি করতে গেলে সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। তারপরও আমাদের একটাই প্রেরণা-ধানের শীষ, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন- আমি শুধু কেন্দ্রের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি- তারেক রহমান দেশে আসছেন।”
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং হাজারো দুস্থ-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


