ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে দীপু মনি ফের মুন্সিগঞ্জ কারাগারে, অবস্থা স্বাভাবিক
মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে (৬৪)।
চিকিৎসা শেষে সোমবার দুপুরে তাঁকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সিগঞ্জজেলা কারাগারে আনা হয়। তিনি আগে থেকেই অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। রোববার রাত থেকে অসুস্থ বোধ করায় সোমবার ভোরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরের দিকে তাঁকে আবার কারাগারে নিয়ে আসা হয়। বেলা ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনি কিডনিসংক্রান্ত সমস্যাতেও ভুগছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দীপু মনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন দীপু মনি। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।









