১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:২৬
‘জুলাই স্মৃতি উদযাপন’ শুরু আজ, মাসজুড়ে থাকবে নানা কর্মসূচি
খবরটি শেয়ার করুন:
66

মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ ১ জুলাই থেকে শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের আয়োজিত ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’। মাসব্যাপী এই আয়োজন চলবে ৫ আগস্ট পর্যন্ত, মাঝে কিছুদিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে পালিত হবে নানা কর্মসূচি।

প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ‘জুলাই ক্যালেন্ডার’ প্রকাশ ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণ-স্বাক্ষর সংগ্রহ শুরু হবে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। আজ থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ শিক্ষাবৃত্তি’ কার্যক্রম চালু করা হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, আজ ‘জুলাই ক্যালেন্ডার’-এর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানমালার ধারাবাহিকতা অনুযায়ী, আজকের পর ৫, ৭ ও ১৪ জুলাই বিভিন্ন কর্মসূচি রয়েছে। ৫ আগস্ট, অর্থাৎ আয়োজনের শেষ দিন (যাকে প্রতীকী অর্থে ‘৩৬ জুলাই’ বলা হচ্ছে), পালন করা হবে সবচেয়ে বড় আয়োজন। সেদিন ৩৬ জেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউমুখী বিজয় মিছিল, ড্রোন শো, এয়ার শো, সঙ্গীতানুষ্ঠান ও ‘৩৬ ডেইস অব জুলাই’সহ বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গত বছরের জুলাইজুড়ে চলা গণআন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ইতিহাসে এই ঘটনাই ‘জুলাই বিপ্লব’ বা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নামে পরিচিত।