জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মুন্সিগঞ্জে রাজপথে নেমেছেন মুক্তিযোদ্ধারা
মুন্সিগঞ্জে গতকাল মঙ্গলবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য থেকে কৃষি ব্যাংক চত্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি চলাকালে জঙ্গিবাদবিরোধী নানা স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ-জামান অানিস।
মানববন্ধন চলাকালে আনিস-উজ-জামানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলার ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক, আলী আহম্মেদ, সহকারী কমান্ডার মো. ইকবাল হোসেন, সদর উপজেলার কমান্ডার এম এ কাদের মোল্লা, গজারিয়া উপজেলার কমান্ডার নজরুল ইসলাম, টঙ্গিবাড়ী উপজেলার কমান্ডার শামসুল হক, সিরাজদিখান উপজেলার কমান্ডার আবদুল মতিন হাওলাদার, শ্রীনগর উপজেলার কমান্ডার গাজী সামসুদ্দিন, লৌহজং উপজেলার কমান্ডার মাহবুব উদ্দিন, সদর উপজেলার ডেপুটি কমান্ডর মো. শহীদ হোসেন, মুক্তিযোদ্ধা এ টি এম দেলোয়ার হোসেন প্রমুখ।
আনিস-উজ-জামান অানিস সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের অগ্রগতি ঠেকাতে মুক্তিযুদ্ধের বিরোধী চক্র আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ জঙ্গিবাদ শুরু করেছে।




