ছোট থেকেই মেধাবী, মুন্সিগঞ্জের সন্তান সাখাওয়াৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব
89

মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াৎ হোসেন। তিনি এর আগে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকার বাসিন্দা সাখাওয়াৎ হোসেন শৈশব থেকেই ছিলেন তুমুল মেধাবী। তার বাবা প্রয়াত ডা. মো. নেওয়াজ আলী দেওয়ান এবং মা প্রয়াত সুফিয়া বেগম।

শিক্ষাজীবন শুরু হয় মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে মাধ্যমিকে ভর্তি হন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পাস করেন তিনি।

এরপর সরকারি হরগঙ্গা কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ডিগ্রি সম্পন্ন করেন। উচ্চশিক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ, ইংরেজিসহ মোট ছয়টি বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন। মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য এবং অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সক্রিয় নাট্যকর্মী হিসেবেও পরিচিত ছিলেন। চাকরির পাশাপাশি তিনি প্রবন্ধ, কাব্যগ্রন্থ, উপন্যাস ও ছড়াসহ অর্ধশতাধিক বই লিখেছেন। বর্তমানে পত্রিকায় শিক্ষা বিষয়ক নিয়মিত তার লেখা প্রকাশিত হচ্ছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫’শ তম ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবনে ধর্ম মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও যশোরের চৌগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। সবশেষ ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে।

তার ছোট ভাই আবু সাঈদ সোহান মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার কন্যা সানেমুন ফাতেমা ক্যামেলিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং এক পুত্র হাসান আল আরাফ একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।