১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:১৫
গ্রিলে বাড়ে ক্যান্সারের ঝুঁকি
খবরটি শেয়ার করুন:
32

বাইরে কোথাও ঘুরতে গিয়ে খাওয়া-দাওয়া করতে কার না ভালো লাগে! কোথাও খেতে গেলে অনেকেরই পছন্দের খাদ্য তালিকায় থাকে গ্রিল। তবে এই গ্রিল খাওয়ার বেলায় এবার কিন্তু সতর্ক হতে হবে। কেননা ভাজাপোড়া মাংস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। মাংসকে আরো মজাদার ও সুস্বাদু করার জন্য গ্রিল করে খাওয়া হয়। আমরা সবাই জানি গ্রিল করার জন্য মাংসকে খুব উচ্চ তাপে অনেক সময় ধরে পোড়ানো হয়। সমস্যাটা এখানেই। উচ্চ তাপে মাংস পোড়ালে তাতে ক্যান্সার সৃষ্টির উপাদান যোগ হয়। উচ্চ তাপে পোড়ানো মাংসে এইচসিএ (হেটারোসাইক্লিক অ্যামিন) এবং পিএএইচ (পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন) যোগ হয়। এইচসিএ উচ্চ তাপ, অ্যামিনো এসিড এবং চিনির সম্মেলনে তৈরি হয় এবং মাংসে মিশ্রিত হয়ে রাসায়নিক পরিবর্তন ঘটায়। এদিকে পিএএইচ হচ্ছে আগুন এবং ধোঁয়ার ফল, যা মাংসের বাইরে লেগে থাকে। এ বিষয়টি নিয়ে ইউনিভার্সিটি অব মিনেসোটা অব পাবলিক হেলথ ৬০ হাজারের ওপর মানুষের মধ্যে গবেষণা চালায়। নয় বছর ধরে চালানো গবেষণায় ২০৮ জনের অগ্ন্যাশয় ক্যান্সার ধরা পড়ে। তাদের গবেষণায় দেখা যায়, যারা খুব বেশি গ্রিল খেয়েছেন তাদের মধ্যে অগ্ন্যাশয় জনিত, কোলোরেক্টাল এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং যারা কম পরিমাণে গ্রিলড মাংস গ্রহন করেছেন তাদের মধ্যে এইসব ক্যান্সারের প্রবণতা কম দেখা গেছে। মোট কথা, ক্যান্সারের ঝুঁকি এড়াতে গ্রিল কম খাওয়াই ভালো এবং এ বিষয়ে সচেতনতাও সমান জরুরি।