মুন্সিগঞ্জের ‘নয়ন-পিয়াস’ বাহিনীর সক্রিয় সদস্য রমজান গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে পুলিশের ভাষ্যমতে ‘কুখ্যাত ডাকাত গ্রুপ’ নয়ন-পিয়াস বাহিনীর সক্রিয় সদস্য রমজানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) গজারিয়া থানার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত রমজান গজারিয়া উপজেলার উত্তর জামালপুর গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে। তিনি গজারিয়া থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির-এর বিশেষ পরিকল্পনায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার পুলিশের একটি টিম উপজেলার গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, রমজান ওই এলাকার ত্রাস হিসেবে পরিচিত কুখ্যাত ‘নয়ন-পিয়াস’ ডাকাত বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


