২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৫৭
কোনো দলীয় পদ নেই, নেই অঢেল সম্পদ- তবুও খালেদা জিয়ার ভালোবাসায় ৪০০ মানুষের খিচুরি
খবরটি শেয়ার করুন:
171

মুন্সিগঞ্জ, ২ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

কোনো রাজনৈতিক পদ নেই, নেই অর্থবিত্ত বা প্রভাব-তবুও আদর্শিক ভালোবাসা আর শ্রদ্ধা থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রায় ৪০০ মানুষের জন্য গরুর মাংসের খিচুরি রান্না করে কুলখানির আয়োজন করেছেন এক সাধারণ মানুষ।

তিনি শহীদ খান। মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেহেরপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী হলেও তিনি কখনো দলের কোনো পদে যুক্ত ছিলেন না। সীমিত আয়ের মানুষ হয়েও নিজের সামর্থ্যের মধ্যেই এই আয়োজন করে এলাকায় আলোচনায় উঠে এসেছেন তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বেহেরপাড়া গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুরি পরিবেশন করা হয়।

শহীদ খান বলেন, “আমি কোনো নেতা নই, আমার কোনো পদ বা সম্পদও নেই। কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের কাছে গণতন্ত্রের প্রতীক ছিলেন। জুমার দিনে তাঁর জন্য দোয়া করার সুযোগটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

এলাকাবাসীরা জানান, একজন সাধারণ মানুষের পক্ষ থেকে রাজনৈতিক নেত্রীর প্রতি এমন আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা খুবই বিরল। শহীদ খানের এই উদ্যোগে এলাকাজুড়ে ইতিবাচক আলোচনা ও প্রশংসা চলছে।