মুন্সিগঞ্জে কারেন্ট জাল জব্দ, আটক ৩; ফোনে পাওয়া যাচ্ছে না ম্যাজিস্ট্রেটকে
মুন্সিগঞ্জ, ১৮ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৪ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ হাজার ৮৪০ পিস চায়না চাই জাল জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। পরে জব্দকৃত কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) মধ্যরাত থেকে সকাল ৭ টা পর্যন্ত ৭টি জাল কারখানা ও একটি গোডাউনে এ অভিযান চালায় কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সদস্যরা।
এ ঘটনায় তিনজন কর্মচারীকে আটক করা হয়েছে। তবে আটকদের বিরুদ্ধে পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুন্সিগঞ্জ সদর কামরুল হাসান মারুফের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৬৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পাগল কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা।
নারায়ণগঞ্জের পাগলা স্টেশন কমান্ডার আশমাদুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিক পাওয়া না যাওয়ায় জাল কারখানার তিনজন কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযানকৃত ৭টি ফ্যাক্টরি হলো, তন্ময় ফিশিং নেট ইন্ড্রাস্ট্রিজ, দরবার ফিলামেন্ট, সাওয়ান ফাইবার ফ্যাক্টরি, আনাস ফাইবার ফ্যাক্টরি, মিল্লাত ফিশিং নেট, জাহিদ মোল্লা ফ্যাক্টরি, হাবিব ফিশিং ইন্ড্রাস্ট্রিজ। অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আলীম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ প্রমুখ।


