করোনা: মুন্সিগঞ্জ জেলা ‘অবরুদ্ধ’ ঘোষণা
মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১০ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ায় করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুরো জেলাকে ‘অবরুদ্ধ’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।
মুন্সিগঞ্জের ডিসি মনিরুজ্জামান তালুকদার বলেন, মুন্সিগঞ্জ জেলায় কোনো যানবাহন ঢুকতে পারবে না ও মুন্সিগঞ্জ জেলা থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারবে না। এর আগে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে মুন্সিগঞ্জকে চারিদিক থেকে বিচ্ছিন করে দেয়া হয়, সেটিই মূলত ‘লকডাউন’।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এর সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘সিলড’ বা ‘লকডাউন’ যাই বলি না কেন মূল বিষয় হচ্ছে পুরো জেলাকে আমরা ‘অবরুদ্ধ’ ঘোষণা করে দিয়েছি।’
অর্থাৎ, প্রয়োজনীয় পরিষেবাগুলি বাদ দিয়ে সবকিছু বন্ধ রাখা। এইসয়ম যখন কোনও প্রয়োজন বা জরুরি অবস্থা থাকে তখন কেবল আপনাকে বাড়ি ছাড়তে দেওয়া হবে।
সাধারণ ভাবে লকডাউনে দুধ, ওষুধ ও সবজির দোকানে ছাড় দেওয়া হয়ে থাকে। এছাড়াও হাসপাতাল ও ক্লিনিকগুলো খোলা থাকে। এর বাইরে রেশন দোকানও খোলা থাকে। খোলা রাখা হয় পেট্রোল পাম্পও।


