ওসমান হাদি লাইফ সাপোর্টে
মুন্সিগঞ্জ, ১২ ডিসেম্বর, ২০২৫, (আমার বিক্রমপুর)
রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’ আছে।
আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য জানান।
পরিচালক বলেন, রোগী যখন হাসপাতালে আসে তখন থেকেই ক্রিটিক্যাল ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, হাদি একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। সেসময় হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সেখান থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, ঘটনাস্থল রশি দিয়ে ঘিরে রাখা হয়েছে। র্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, তারা ঘটনাটি নিয়ে কাজ করছেন। তবে এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই গুলির ঘটনা ঘটে পল্টন ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে।
ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী সাকিব হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘যখন গুলি চলে তখন আমি ভবনের ভেতরে ছিলাম। শব্দ শুনে দ্রুত রাস্তায় গিয়ে দেখি একটি রিকশায় তাকে (হাদিকে) নিয়ে যাচ্ছে। রাস্তায় রক্ত পড়ছিল।’
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাদি। এসময় পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।


