এবার বন্ধ হলো টুইটার-স্কাইপ-ইমো
২২ দিন বন্ধের পর ফেসবুক খুলে দেয়ার তিন দিনের মাথায় এবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটার, টেলিকমিউনিকেশন অ্যাপ স্কাইপ এবং ইমো বন্ধ করে দিয়েছে সরকার।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো এক চিঠিতে শিগগিরই এ সব অনলাইন সেবা বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল ফোন অপারেটরের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার দুপুরে খুলে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে ভাইবার-হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপস খুলে দেয়ার বিষয়ে সেদিন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
টুইটার, স্কাইপ এবং ইমো বন্ধ রাখার বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদবলেন, ‘দেশে ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের সব মাধ্যম এখন বন্ধ রয়েছে। টুইটার ও স্কাইপ বন্ধের নির্দেশনাও আগে থেকেই ছিল।’
সন্ধ্যায় বিটিআরসির পক্ষ থেকে মোবাইল ফোন অপারেটদেরকে পাঠানো চিঠিতে এ বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিটিআরসির চেয়ারম্যান আরো বলেন, ‘অপারেটরদের দেয়া চিঠিতে বলা হয়েছে, দেশে টুইটার, ফেসবুক, ইমোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলেও বিভিন্নভাবে অনেকেই তা ব্যবহার করছেন। এ ব্যাপারে সরকারের নির্দেশনা পালন করার জন্য তাদেরকে বলা হয়েছে।’
নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর দুটি আলাদা নির্দেশনায় সাময়িকভাবে ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার।
ওই দিন প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। দ্বিতীয় নির্দেশনায় লাইন, ট্যাংগো এবং হ্যাংআউটসহ আরো কয়েকটি মাধ্যম বন্ধের কথা বলা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে ভাইবার, ট্যাংগো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের পাঁচটি অ্যাপসের সেবা বন্ধ করেছিল সরকার।









