এইচএসসিতে মুন্সিগঞ্জে সেরা ফলাফল করায় ইউনুছ খানের অধ্যক্ষকে অ্যাওয়ার্ড ডিসির
১৫৭

মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি জেলার মধ্যে পাসের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ২০২৬’ প্রদান করা হয়েছে।

নভেম্বর মাসের এ সম্মাননা উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানজীমা সুলতানা পারভীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ পাসের মাধ্যমে জেলার মধ্যে পাসের হারে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করে।

সম্মাননা প্রদানকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্ভাবনী শিক্ষাকার্যক্রমের প্রশংসা করেন। জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিশ্বায়নের যুগে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষার প্রসার ও চর্চা বাড়াতে হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের আগে যথাযথ লেসন প্ল্যান তৈরি এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত কাউন্সেলিংয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, একজন সুশিক্ষিত ও সুনাগরিক সন্তান গড়ে তোলাই পিতামাতার আর্থিক সম্পদ ও স্থাবর সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ বিনিয়োগ।

উল্লেখ্য, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উত্তম চর্চাকে উৎসাহিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি মাসে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও ফলাফলমুখী, উদ্ভাবনী ও শিক্ষার্থীবান্ধব করে তোলার পাশাপাশি জেলার সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ