ইসরায়েলে কে ক্ষমতায় এলো তা নিয়ে আগ্রহ নেই, প্রতিরোধ চলবে: হিজবুল্লাহ
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং পরবর্তী সরকার গঠন নিয়ে রাজনৈতিক জটিলতা তৈরি হলেও তা নিয়ে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম জানিয়েছেন, ইসরায়েলে যেই জয়ী হোক না কেন, তাদের ‘প্রতিরোধ’ সংগ্রাম অব্যাহত থাকবে।
মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ৮৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট বিরোধীদের তুলনায় সামান্য এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার নাকি পুনর্নির্বাচন—তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বুধবার এক লিখিত বিবৃতিতে নাইম কাসেম বলেন, ইসরায়েল কে শাসন করছে তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তিনি জোর দিয়ে বলেন, দখলদারিত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং সংশ্লিষ্ট ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যেতেই হবে।
হিজবুল্লাহ প্রধান আরও উল্লেখ করেন, লেবানন ও তাদের ওপর যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম বজায় থাকবে। তিনি জানান, দখলদারিত্ব ও আক্রমণ অব্যাহত থাকা পর্যন্ত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার কোনো অবকাশ নেই।
লেবাননের রাজনীতিতে প্রভাবশালী এই গোষ্ঠীটি গত দুই বছরে ইসরায়েলের সঙ্গে দুটি বড় সংঘাতে জড়িয়ে পড়ার পর সামরিক ও রাজনৈতিকভাবে বেশ চাপে পড়েছে।
গত জুন মাসে লেবানন ও ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, বিতর্কিত অঞ্চল থেকে ইসরায়েলের পর্যায়ক্রমিক প্রত্যাহার এবং সংশ্লিষ্ট এলাকায় লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের শর্ত রাখা হয়।
তবে চুক্তির পরও ইসরায়েল বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে। অন্যদিকে হিজবুল্লাহও নিরস্ত্রীকরণের সরকারি পরিকল্পনা বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়ে আসছে।









