আ. লীগের মতো হোন্ডা মহড়ায় মুন্সিগঞ্জের মানুষ বিরক্ত হয়: বিএনপি’র উদ্দেশে রাইসুলের স্ট্যাটাস
মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে রাজনৈতিক কর্মসূচির নামে অতিরিক্ত শব্দদূষণ ও সাধারণ মানুষকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপি কর্মী ও আইনজীবী অ্যাডভোকেট রাইসুল ইসলাম।
আজ বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে রাইসুল ইসলাম লেখেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘কয়েকটা হোন্ডা আর কিছু সংখ্যক গুন্ডা’ নীতি অবলম্বন করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দমন-নিপীড়নের চেষ্টা করা হয়েছিল। তখন বিষয়টি দলীয় নেতাকর্মীরা ‘হাস্যকরভাবে’ দেখতেন বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি লেখেন, এখন বিএনপি সরকার গঠন করেছে, জামায়াত বিরোধী দল হয়েছে এবং এনসিপি নতুন সংগঠন হিসেবে মাঠে এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশে থাকা দলটির নেতাকর্মীরা মুখোশ পরে আন্দোলন-সংগ্রাম করার চেষ্টা করছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
রাইসুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে দমন করার ক্ষেত্রে অতীতের একই ধরনের কৌশল অনুসরণ করা হচ্ছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, এ ধরনের দমন-পীড়নে কার্যকর ফল পাওয়া যাচ্ছে না; কারণ তারা নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘তারা যেভাবে আমাদেরকে দমন নিপীড়ন করে শেষ করতে পারেনি আমাদের দলের প্রতি ভালোবাসা, ঠিক তদ্রুপ আমরাও তাদেরকে এই ধরনের দমন নিপীড়ন করেও তাদের দলের প্রতি ভালোবাসা কমাতে পারবো না।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে মোকাবিলায় ভিন্ন পন্থা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা যে অন্যায় করেছে, তা দেশের জনগণের কাছে তুলে ধরে বোঝানোর চেষ্টা করা উচিত। তাদের অন্যায়ের শাস্তি জনগণ ও সময়ই দেবে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের প্রতি জনগণকে বিরক্ত না করার আহ্বান জানিয়ে রাইসুল ইসলাম বলেন, প্রয়োজনীয় এলাকায় হোন্ডা শোডাউন করা যেতে পারে। তবে মুন্সিগঞ্জের সড়কে উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে শব্দদূষণ করা সাধারণ মানুষের জন্য বিরক্তিকর হয়ে উঠছে।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘সবার আগে বাংলাদেশে, জনগণ বিরক্ত না হয় এই ধরনের কার্যক্রম করি।’









