আর্টিজান থেকে ২০ জনের লাশ উদ্ধার: আইএসপিআর (ভিডিও)
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় মোট ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সবাই বিদেশি নাগরিক। এছাড়া বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক।
তিনি বলেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হামলা করে অবস্থানকারীদের জিম্মি করে ৬ থেকে ৭ জন সন্ত্রাসী।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মোকাবেলার জন্য এগিয়ে গেলে অস্ত্রধারীদের হামলায় ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ নিহত হন। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে ঘটনার দায় স্বীকার করার
খবর দিয়েছে জঙ্গি পর্যবেক্ষনকারী সাইট ইন্টিলিজেন্স।
‘অপারেশন থান্ডারবোল্ড’ নামে এ অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার মধ্যরাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রেস্তোঁরায় অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেন। সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সম্মিলিতভাবে তৎপরতা চালায়।
সকাল সাতটা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এরপর ১২ থেকে ১৩ মিনিটে সব সন্ত্রাসীকে নির্মূল করা হয়। সকাল সাড়ে আটটায় অভিযানের সমাপ্তি হয়।
ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক আরও জানান, ২০ জিম্মিকে ধারালো অস্ত্রের মাধ্যমে রাতেই হত্যা করা হয়।
তিনি বলেন, হামলাকারী ৭ জঙ্গির মধ্যে ৬ জনই নিহত হয়েছেন এবং একজনকে জীবিত আটক করা হয়েছে। রেস্টুরেন্ট থেকে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে এক জন জাপানি এবং দুই জন শ্রীলংকান নাগরিক রয়েছেন।
নিহতদের পরিচয় সনাক্ত করতে কোনো প্রকার জিজ্ঞাস্য থাকলে সেনাবাহিনী প্রভোস্ট মার্শালের সাথে ০১৭৬৯০১২৫২৪ নম্বরে যোগাযোগ করতে সংবাদ সম্মেলনে অনুরোধ করা হয়।





