১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪১
আমার বিক্রমপুরে লাইভ করার পর সংস্কার শুরু কালিখোলা সড়কে
খবরটি শেয়ার করুন:
242

মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর থেকে ফেরিঘাট, মিরেশ্বরাই হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে সম্প্রতি দেয়া হয় পিচ ঢালাই।

কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মাথায় সড়কের বিভিন্ন অংশে সেই পিচ উঠে গিয়ে তৈরি হয় অসংখ্য গর্ত।

বিশেষ করে কালিখোলা সড়কটি ভেঙে প্রায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে।

অথচ, এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য পণ্যবাহী যানবাহন। এতে প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। যাতায়াতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী ও যাত্রী সাধারণ।

এ বিষয়টি নিয়ে গত ১১ আগস্ট মুন্সিগঞ্জের শীর্ষ অনলাইন পত্রিকা আমার বিক্রমপুর লাইভ সংবাদ প্রকাশ করে।

পরে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক পার্কের সামনের কালিখোলা সড়কে অস্থায়ী সংস্কারের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরেজমিন দেখা গেছে, গর্তগুলোতে পাথর ফেলে চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সংবাদ প্রকাশের পরপরই কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে অস্থায়ী সংস্কার শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।

তারা আশা করছেন, সামনের দিনে এ সড়কে টেকসই ও মানসম্মত সংস্কার হবে, যাতে আর দ্রুত নষ্ট না হয়।