আমার বিক্রমপুর- এর বার্তা সম্পাদক হলেন শাওন, সহকারি সম্পাদক রাকিব
মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের স্থানীয় সংবাদভিত্তিক ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুর-এর বার্তা সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন নাজমুল হাসান শাওন ও একই সঙ্গে সহকারি সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সীমান্ত হাসান রাকিব।
নাজমুল হাসান শাওন ও সীমান্ত হাসান রাকিব দুজনেই ২০১৯ সাল থেকে আমার বিক্রমপুর পত্রিকার সঙ্গে যুক্ত আছেন।
অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা ও সংবাদপেশায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তারা বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান। চলতি জুলাইয়ে আমার বিক্রমপুরের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শিহাব আহমেদ আনুষ্ঠানিকভাবে আমার বিক্রমপুরের দায়িত্ব ছেড়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজ- এ যোগদান করলে উল্লেখিত দায়িত্ব গ্রহণ করেন শাওন ও রাকিব।
২০১৫ সালের ১১ আগস্ট ‘সত্যই শক্তি’ স্লোগান নিয়ে ওয়েবসাইট, ইউটিউব এবং জনপ্রিয় ও সমাদৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম শুরু করে আমার বিক্রমপুর। বর্তমানে এর মাসিক ওয়েব ভিজিটরের সংখ্যা প্রায় ২ লাখ। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৬,৭০০ ও ফেসবুক অনুসারীর সংখ্যা ৩ লাখ ৭২ হাজারেরও বেশি। আমার বিক্রমপুর প্রতি মাসে ১ কোটি থেকে ২ কোটি পাঠকের কাছে পৌঁছায়- এই হিসাব ফেসবুকের।
জাতীয় সংবাদমাধ্যম যেখানে অনেক সময় পিছিয়ে পড়ে, সেখানে আমার বিক্রমপুর স্থানীয় খবর বা সমস্যাগুলো নিজস্ব ভঙ্গিতে সামনে নিয়ে আসে। মুন্সিগঞ্জের একেবারে যোগাযোগবিচ্ছিন্ন, নদীবেষ্টিত গ্রাম পর্যায় পর্যন্ত এই পত্রিকার পাঠক রয়েছেন। স্থানীয় সাংবাদিকতা, সংস্কৃতি ও জনগণের সমস্যা তুলে ধরার এটি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বহু বছর ধরে পরিচিত।
সাংবাদিকতার জন্য হয়রানি ও হুমকির মুখেও আমার বিক্রমপুর অটল- ২০২১ সালের ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক অভিবাসন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জন্য শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে ‘ওকাপ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ গ্রহণ করে আমার বিক্রমপুর।
২০২৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর উদ্যোগে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আয়োজনে ‘যুবদের জন্য উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য’র কাছ থেকে সনদ গ্রহণ করেন তৎকালীন আমার বিক্রমপুর সম্পাদক শিহাব আহমেদ।
এছাড়া আমার বিক্রমপুর ২০২০ সালে মুন্সিগঞ্জের বিভিন্ন পর্যায়ে কর্মরত ৪৫ জনকে ‘গুনীজন সম্মাননা’ দেয়। একইবছর বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে আমার বিক্রমপুর।
তবে, আমার বিক্রমপুর পত্রিকাটি স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এখনও স্বনির্ভর নয়। অর্থনৈতিক দিক থেকে এটি এখনো ডিজিটাল বিজ্ঞাপন ও অনুদাননির্ভর।


