৮১ বছরের ঐতিহ্যবাহী গ্রিণ ওয়েলফেয়ার সেন্টারের নতুন সভাপতি রফিকুল আলম
মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গ্রিণ ওয়েলফেয়ার সেন্টার ক্লাব-এর নতুন সভাপতি হিসেবে সাবেক সভাপতি রফিকুল আলম-কে ঘোষণা করা হয়েছে।
আজ রোববার দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে এ ঘোষণা দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রমজান শরিফ কাউসার।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে রফিকুল আলমকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত গ্রিণ ওয়েলফেয়ার সেন্টার ক্লাব দীর্ঘ ৮১ বছর ধরে মিরকাদিম এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, বিভিন্ন জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংগঠনটির অন্যতম আকর্ষণ হলো এর নিজস্ব পাঠাগার। দীর্ঘদিন ধরে এ পাঠাগার এলাকার শিক্ষার্থী ও বইপ্রেমীদের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র পরিবারের সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করে আসছে সংগঠনটি।
জরুরি সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শিপন জমিদার-সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ঐতিহ্য ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি রফিকুল আলম বলেন, ‘গ্রিণ ওয়েলফেয়ার সেন্টার শুধু একটি ক্লাব নয়, এটি মিরকাদিমের মানুষের আবেগ ও ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন ধরে সংগঠনটি যেভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, সেই ধারা আরও শক্তিশালী করতে আমরা কাজ করবো। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংগঠনের পাঠাগারকে আধুনিকায়ন, নতুন প্রজন্মকে বইমুখী করা এবং সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’





