৩ বছর আগে মুন্সিগঞ্জে নদী থেকে উদ্ধার হয় ইট-বাটখারা- রশি বাঁধা মরদেহ, আজও পরিচয় খুঁজছে সিআইডি
মুন্সিগঞ্জ, ৩০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় তিন বছরেও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পরিচয় নিশ্চিত করতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৪ মার্চ। ওইদিন বিকেল আনুমানিক ৩টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর সোনারগাঁ এলাকায় সমশের শেখের বাড়ির পূর্বপাশে ইছামতী নদী থেকে একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করা হয়।
সিআইডি সূত্রে জানা যায়, নদীতে ভাসমান অবস্থায় পাওয়া লাশটি ত্রিপল ও কম্বল দিয়ে মোড়ানো ছিল। লাশের সঙ্গে ইট, বাটখারা ও রশি বাঁধা অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করা হয়।
সিআইডির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি পুরুষ। তার আনুমানিক বয়স ৪০ বছর। মুখে দাঁড়ি ও মাথায় কালো চুল ছিল। তবে লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়ায় চেহারার অন্যান্য বৈশিষ্ট্য স্পষ্ট ছিল না।
তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, এটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। তবে নিহতের পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির শারীরিক বর্ণনা দেখে কোনো স্বজন, পরিচিত ব্যক্তি বা কেউ যদি তাকে শনাক্ত করতে পারেন, তাহলে দ্রুত তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
অরূপ চন্দ্র সরকার
এসআই (নিরস্ত্র), বাংলাদেশ পুলিশ
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
মোবাইল: ০১৯২৬-৮৮৪৫৩৫









