হরগঙ্গা কলেজে ১ তলার উপরে দুষ্টামি করতে গিয়ে সাইনবোর্ড খুলে ফেলল দুই ছাত্র, মাথায় পড়ে আহত ছাত্রী
১১৩৫

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে দুই শিক্ষার্থীর দুষ্টামির কারণে খুলে পড়েছে ভবনের নামফলকসহ একটি সাইনবোর্ড। সেটি নিচ দিয়ে হেঁটে যাওয়া এক ছাত্রীর মাথায় পড়লে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন। ৪টি সেলাই লেগেছে মাথায়। রক্ষা পেয়েছেন বড় দুর্ঘটনা থেকে।

আহত ছাত্রীর নাম উম্মে হাবিবা (১৯)। তিনি মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালিপাড়া এলাকার নাছিরউদ্দিনের কন্যা এবং সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক নিজামুদ্দিন ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, পাঁচতলা ভবনটির প্রথম তলার ওপরের ফাঁকা অংশে ভবনের নামফলকসহ সাইনবোর্ডটি লাগানো ছিল। টিফিনের বিরতির সময় অনার্স পর্যায়ের দুই শিক্ষার্থী সাইনবোর্ডটির ওপর উঠে দুষ্টামি করছিলেন। একপর্যায়ে সেটি খুলে নিচে পড়ে যায়। এ সময় ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাবিবা। সাইনবোর্ডটি তাঁর মাথায় পড়লে তিনি আহত হন। পরে অন্য শিক্ষার্থীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত শিক্ষার্থী উম্মে হাবিবা আমার বিক্রমপুরকে জানান, তার মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। এছাড়া ঘাড়-হাত ও দাতে ব্যাথা পেয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং আশঙ্কামুক্ত।

তিনি বলেন, আমার সাথে আরও দুই বান্ধবী ছিলো। ওরাও প্রাণে বেঁচেছে। সাইনবোর্ডটির উপরে উঠে দুই ছাত্র দুষ্টামি করছিলো। তখন সেটি হঠাৎ খুলে আমার উপরে পড়ে।

সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান খান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ