সবার সেরা: মুন্সিগঞ্জ জেলার মোট জিপিএ-৫ এর অর্ধেকই হরগঙ্গায়
৪৬২

মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সিগঞ্জ জেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সবার শীর্ষে রয়েছে সরকারি হরগঙ্গা কলেজ। এ বছর কলেজটি থেকে ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। জেলায় মোট ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অর্থাৎ জেলার মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর প্রায় অর্ধেকই এই কলেজের।

কলেজ সূত্রে পাওয়া ফলাফল অনুযায়ী, এ বছর হরগঙ্গা কলেজ থেকে ১ হাজার ৮১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৫৪ জন। পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ। অনুত্তীর্ণ হয়েছেন ৫৬৩ জন।

জেলার সামগ্রিক ফলাফলেও হরগঙ্গা কলেজের অবস্থান উল্লেখযোগ্য। এ বছর মুন্সিগঞ্জের ছয়টি উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৬১ জন। জেলায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে মুন্সিগঞ্জ সদর উপজেলায় পাসের হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ। এ উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। এর মধ্যে হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরাই পেয়েছেন ২৬টি।

জেলার ছয়টি উপজেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। সেখানে পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার গজারিয়া উপজেলায়, ৩২ দশমিক ৯৪ শতাংশ।

জেলায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় হরগঙ্গা কলেজের এই সাফল্য উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানটির ভালো ফলাফলের চিত্র তুলে ধরেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ